সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের রেকর্ড ড্রোন হামলা : জ্বালানি কেন্দ্রে আগুন
সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের রেকর্ড ড্রোন হামলায় জ্বলছে একটি জ্বালানি কেন্দ্র : ইন্টারনেট।

আল-জাজিরা ও রয়টার্স
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহর লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনীর এক বিশাল ড্রোন হামলায় অন্তত একজন প্রাণ হারিয়েছেন এবং আরো পাঁচজন আহত হয়েছেন। শহরের গভর্নর আলেক্সান্দর বেগলোভ জানান, ফায়ার সার্ভিস কর্মীরা সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনাল, রুচি জ্বালানি ডিপো এবং দক্ষিণাঞ্চলীয় কোলপিনো জেলার বেশ কয়েকটি শিল্প গুদামের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। হামলায় দু’টি আবাসিক ভবনসহ একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। এই আকস্মিক আক্রমণের প্রেক্ষাপটে নিরাপত্তার স্বার্থে সেন্ট পিটার্সবার্গের প্রধান বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করা হয়, যার ফলে সাধারণ ফ্লাইট সূচিতে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়।
এ ছাড়া রুশ ই-কমার্স প্রতিষ্ঠান ‘ওজোন’ জানায়, সেন্ট পিটার্সবার্গে অবস্থিত তাদের লজিস্টিক কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ভিকে’ নিশ্চিত করে যে, লেনিনগ্রাদ অঞ্চলে তাদের ডাটা সেন্টারে ড্রোন আঘাত করলেও ব্যবহারকারীদের জন্য অনলাইন সেবা সচল রয়েছে। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্দর দ্রোজদেনকো জানান, ড্রোনের তাণ্ডব ঠেকাতে ১৪৫টি ড্রোন ভূপাতিত করা হয় এবং ঘটনার পর প্রায় ২০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় পড়েন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস উল্লেখ করেছে, বিগত চার বছরের মধ্যে এই অঞ্চলে এটিই ইউক্রেনের পরিচালিত সবচেয়ে বড় হামলা। অন্যদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, শনিবার দিবাগত রাতে তারা মোট এক হাজার ১৫টি ইউক্রেনীয় ড্রোন অকার্যকর করেছে।
ইউক্রেনে রুশ হামলায় নিহত ২
অপরদিকে ইউক্রেনের সাধারণ মানুষের বসতিতে রাতভর হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে দু’জন নিহত এবং দুই শিশুসহ ১২ জন গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি আরো তুলে ধরেন যে, বিগত এক সপ্তাহে রাশিয়া তাদের ভূখণ্ডে প্রায় দুই হাজার ৭০০টি হামলাকারী ড্রোন, এক হাজার ৭০০টি আকাশ থেকে ফেলা বোমা এবং ৬৬টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার সিংহভাগই ছিল ব্যালিস্টিক প্রকৃতির।

Advertisement