
কূটনৈতিক প্রতিবেদক
সৌদি আরবে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশীরা যেই দেশেই থাকুক, সেই দেশের আইন মেনে চলতে হবে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে বিবৃতি দিয়েছে। এই দুই বাংলাদেশী হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।
প্রতিমন্ত্রী বলেন, দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানতে পারেনি। বাংলাদেশ চিঠি দিয়ে সৌদি সরকারের কাছে তথ্য জানতে চেয়েছে। তবে সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে বার্তা এসেছে, মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে দুই বাংলাদেশী ব্যভিচারে লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে অত্যন্ত গর্হিত কাজ হিসেবে গণ্য। তাই আইন অনুযায়ী স্থানীয় আদালত ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি, সৌদি আরবের একটি নিজস্ব আইনি কাঠামো আছে। কেউ যদি গর্হিত অন্যায় কাজ করে, তখন অভিযুক্ত ব্যক্তিদের সেই আইন অনুযায়ী সাজা হয়। আমাদের দেশেও কোনো বিদেশী নাগরিক অপরাধ করলে স্থানীয় আইন অনুযায়ী বিচার হয়।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরব চিঠির জবাব দিলে লাশগুলো কিভাবে ফেরত আনা যাবে সে বিষয়ে জানতে পারব।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








