চাঁদপুরে ১৫২ কিলোমিটার সড়ক উন্নয়নের পরিকল্পনা

 চাঁদপুর প্রতিনিধি

Advertisement

চাঁদপুর জেলার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে সড়ক বিভাগ। জেলার গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার পাশাপাশি আঞ্চলিক মহাসড়কের উন্নয়নেও নেয়া হয়েছে একাধিক প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার অভ্যন্তরীণ ও চাঁদপুরের সাথে কুমিল্লা, লক্ষ্মীপুর ও রামগঞ্জের যাতায়াত সহজ হবে।
চাঁদপুর সড়ক বিভাগের উন্নয়ন পরিকল্পনার তথ্যমতে, চারটি গুরুত্বপূর্ণ মহাসড়ক উন্নয়নে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এর আওতায় চাঁদপুর-নানুপুর-চান্দ্রা-রামগঞ্জ সড়ক, চাঁদপুর-দোকানঘর-হরিণা সড়ক, কচুয়া-গুলবাহার-কাশিমপুর সড়ক এবং মুদাফফরগঞ্জ-চিতোষী-রামগঞ্জ সড়কের প্রায় ৭৫ কিলোমিটার অংশ পুনর্নির্মাণ ও প্রশস্ত করা হবে। 
এ ছাড়া গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ৭৭ দশমিক ৮৫ কিলোমিটার অংশও প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে প্রস্তাবিত এ দুই প্রকল্পের আওতায় মোট ১৫২ কিলোমিটারের বেশি সড়ক উন্নয়নের আওতায় আসবে।
চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান জানান, জেলার সড়ক যোগাযোগকে আধুনিক করতে একাধিক প্রকল্প নিয়ে কাজ চলছে। প্রয়োজনীয় অনুমোদনের পর আরো নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে।