
রংপুর ব্যুরো ও পীরগঞ্জ সংবাদদাতা
রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বিকেলে উপজেলা সদরের আরাজীগঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বুজরুক রসুলপুর গ্রামের মো: ঠাণ্ডা মিয়ার ছেলে আসাদুল ইসলাম (৩০) এবং রংপুর কোতোয়ালি থানার বুড়িরহাট ডাক্তার পাড়ার আব্দুল লতিফের ছেলে মো: সিহাব মিয়া (২১)। আর গুরুতর আহতরা হলেন- মজিলা তাহিরপুর গ্রামের হায়দার আলীর ছেলে মো: লিটন মিয়া (৩২), পীরগঞ্জ সদরের ওসমানপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে সেলিম মিয়া ও পীরগঞ্জের কলাবাগানের মৃত ফুল মিয়ার ছেলে মো: বাবলা মিয়া। হতাহতরা সবাই ওই ভবনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজমুল সরকার জানান, পৌরসভার নির্মাণাধীন ভবনটিতে সকাল থেকে ১৩ জন শ্রমিক বারান্দার ছাদের ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে তাদের পাঁচজন নিচে চাপা পড়েন। এ সময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দু’জনকে মৃত এবং বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পীরগঞ্জ আসনের এমপি সহকারী অধ্যাপক মো: নুরুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাকিউল বারি হাসপাতালে হতাহতদের খোঁজ খবর নেন।
ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারি জানান, ঘটনার সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায়। হতাহতদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








