
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো: কামরুল ইসলাম (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে দেশটির রাজধানী রিয়াদের বানবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রায় চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কামরুল। তিনি রিয়াদের বানবান এলাকার আল মদিনা কোম্পানিতে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে নাইট ডিউটি শেষে রুমে ফেরার পথে পানিবাহী ট্যাংকারের সাথে একটি লরি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লরি গাড়িতে থাকা কামরুল ঘটনাস্থলেই মারা যান।
ছেলের মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন বাবা জয়নাল আবেদীন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় ধারদেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। কোনো দিন ভাবিনি ছেলের মৃত্যুর খবর শুনতে হবে। এক বছর আগে ছুটি নিয়ে বাড়িতে এলে ছেলেকে বিয়ে করিয়েছিলাম। এখন ছেলের বউকে কী সান্ত¡না দেবো? বাড়িতে একটি নতুন ঘর নির্মাণ করছিল সে। এখন সেই ঘরে কে থাকবে? আমার দুই ছেলে ও এক মেয়ে।
কামরুলের স্ত্রী খাদিজা আক্তার আখি বলেন, ‘আল্লাহ আমাকে কী কঠিন পরীক্ষায় ফেললেন! গত বছর তিন মাসের ছুটিতে বাড়িতে এসে আমাকে বিয়ে করেছিল সে। আজ সকালে স্বামীর মৃত্যুর খবর শুনতে হলো। আমি আমার স্বামীর লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানাই।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








