
গাজীপুরের কালীগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন ও প্রয়োজনীয় সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার দায়ে দু’টি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার উলুখোলা ও হারনা বাজার এলাকায় পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), গাজীপুর কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম।
বিএসটিআই সূত্রে জানা গেছে, উপজেলার উলুখোলার কেটুন এলাকায় অবস্থিত এআর ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটি ল্যাবরেটরি পরীক্ষায় উত্তীর্ণ না করিয়ে এবং বিএসটিআইয়ের সিএম (গুণগত মান) সনদ ছাড়াই ফোর্টিফাইড সয়াবিন তেল উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করে আসছিল। পণ্যে বিএসটিআইয়ের মান চিহ্নও ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। এ অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, হারনা বাজার এলাকার পূর্বাচল মুসলিম সুইটস নামের প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই ফার্মেন্টেড মিল্ক, সুইটমিট ও ঘি উৎপাদন, বিতরণ ও মোড়কজাত করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী আরো ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মো: সাইদুর রহমান, ফিল্ড অফিসার মো: পারভেজ মিয়া ও হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








