
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রাজশাহীর আদালত চত্বরে ইয়ামিন আলী নামের এক আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত করেছেন প্রতিপক্ষের লোকজন।
রোববার (১৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরের আরআরএফ অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ আইনজীবীরা হামলায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
হামলার নেপথ্যে জমি নিয়ে বিরোধ
আহত আইনজীবী ইয়ামিন আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামে। জমিসংক্রান্ত বিরোধের একটি মামলায় তিনি নিজেই বাদী। রোববার ওই মামলার শুনানির দিন ধার্য ছিল।
জানা গেছে, মামলার আসামিপক্ষের লোকজনই তার ওপর এই হামলা চালিয়েছেন।
ঘটনাস্থল থেকে আটক চারজন হলেন— মেহেদী হাসান, মো: নিয়াজ, মো: হাসানুল ও আব্দুল খালেক।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য ও পূর্বের ঘটনা
জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মামলা করার কারণে এর আগেও একবার আদালত চত্বরে ইয়ামিন আলীকে মারধর করেছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। ওই ঘটনায় মামলা হলেও পুলিশ সঠিকভাবে তদন্ত না করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিল। ফলে সে ঘটনার বিচার হয়নি।
আগের ঘটনার বিচার হলে আজকের মতো নতুন করে হামলার ঘটনা ঘটত না বলে মন্তব্য করেন তিনি।
হামলার বিবরণ ও হাসপাতালে ভর্তি
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী জানান, আদালতের কার্যক্রম শেষে ইয়ামিন আলী আরআরএফ অফিসের সামনে ক্যানটিনের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ইট, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা করেন। এতে তিনি রক্তাক্ত হন। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় জড়িত অভিযোগে চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন আইনজীবীরা।
পুলিশের পদক্ষেপ
নগরীর রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর গণমাধ্যমকে বলেন, ‘আইনজীবীর ওপর হামলার ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে। মামলা হলে আটক ব্যক্তিদের গ্রেফতার দেখানো হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








