
লক্ষ্মীপুর প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনাকে যে ভুতে ধরেছিল, তা বিএনপিকেও ধরেছে। সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার মেরামত না করা হলে বর্তমান ব্যবস্থায় যে-ই ৫ বছর ক্ষমতায় থাকবে, সে-ই আরেক হাসিনায় পরিণত হবে। গতকাল লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, বর্তমান সরকার সংসদ সদস্যের শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। কারণ তারা রাষ্ট্র মেরামত করতে চায় না। তারা জুলাই বিপ্লবের চেতনাকে বিশ্বাস করে না। তারা জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে ধারণ করে না। কারণ দুর্ভাগ্যবশত জুলাই বিপ্লবে তারা মুখ্য ভূমিকা রাখতে পারেনি। জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ছাত্র-জনতা তথা তরুণ প্রজন্ম।
তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি সেক্টর ভারতীয় সাম্রাজ্যবাদের দালালদের হাতে বন্দী হয়ে পড়েছে। বাংলাদেশের অর্থনীতিকে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে আমরা রাজপথে রয়েছি। সংবিধান সংস্কার করেন, স্পষ্টভাবে পরিবর্তনগুলো আনেন, দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়েন, বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের রাজনীতি বাঁচবে এবং বাংলাদেশ পন্থার রাজনীতি টিকে থাকবে।
লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ ও গাজীপুর জামিয়া মাহমুদিয়ার শায়খুল হাদিস মুফতি আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








