কোয়ালিফাই করতেই কুয়েত গেল ফর্টিস

ক্রীড়া প্রতিবেদক
প্রথমবার এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার যোগ্যতা অর্জন করেই গ্রুপ পর্বে উঠেছে ফর্টিস এফসি। এই গ্রুপ পর্বে খেলার জন্যই গতকাল কুয়েত গেছে তারা। এখন তাদের লক্ষ্য গ্রুপ পর্ব ডিঙ্গিয়ে নক আউটে যাওয়া। যাওয়ার আগে সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ মাসুদ পারভেজ কায়সার জানিয়েছিলেন, আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। যদিও গ্রুপ পর্ব পেরোনো কঠিন, তবে অসম্ভব নয়। স্বাগতিক কাদেসিয়া সবচেয়ে কঠিন দল। অন্য দু’টি দলও কম নয়। আমার মনে হয়, সবাই নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু সম্ভব।’
ফর্র্টিস ১৭ অক্টোবর প্রথম ম্যাচেই খেলবে কুয়েতের কাদেসিয়া এফসির বিপক্ষে। এরপর তাদের ম্যাচ ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের রেগার টাডাজ। ঢাকার মাঠে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে উঠার ম্যাচে গোল করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম। এবার তিনি গ্রুপ পর্র্বেও গোল করতে চান। ফর্টিস অধিনায়ক পা ওমরও জানান, আমরা ভালো করতে চাই কুয়েতের মাঠে।
এএফসি চ্যালেঞ্জ লিগে এর আগে গ্রুপ পর্বে খেলেছিল বসুন্ধরা কিংস। প্লে-অফে তারা সিরিয়ার আল কারামাহকে ১-০তে হারালেও গ্রুপ পর্বে গিয়ে সব ম্যাচেই হেরে বসে। এবার ফর্টিস এই গ্রুপ পর্বে খেলতে যাওয়ার আগে ঘরোয়া ফুটবলে চারটি ম্যাচ পেয়েছে। এতে করে দলকে গুছিয়ে নেয়া সম্ভব হয়েছে। যদিও লিগ ও ফেডারেশন কাপের এই ম্যাচগুলোর মানের চেয়ে অনেক কঠিন এএফসি চ্যালেঞ্জ লিগের খেলাগুলো। এরপরও ফর্টিস যদি সঠিক পরিকল্পনা মাফিক খেলতে পারে তাহলে সম্ভব হতেও পারে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তবে অবশ্যই শক্তিতে এগিয়ে অন্য প্রতিপক্ষরা।

Advertisement