পঞ্চম ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিলো ভারত
পঞ্চম ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ক্রিকইনফো

পেসার আর্শদীপ সিংয়ের তিন উইকেটের সুবাদে রোববার পঞ্চম ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়েছে ভারত। এই জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা।

Advertisement

২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। সিরিজ সমতায় ফেরানোর লড়াইয়ে শেষ পর্যন্ত ৪৯তম ওভারের আগেই ১৮৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। এর মধ্য দিয়ে সাত বছরের মধ্যে প্রথমবার ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারল তারা।

মাউন্ট মঙ্গানুইয়ের পেস সহায়ক কন্ডিশনে ভারতের পেসাররা দারুণ বোলিং করেছেন। তাদের নেতৃত্বে ছিলেন আর্শদীপ। ১০ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। এই সিরিজে তার মোট শিকার ৮ উইকেট।

ম্যাচের শুরুতেই চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরি করা উইল ইয়ংকে ২২ রানে এবং নিক কেলিকে ২৪ রানে ফিরিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন ২৭ বছর বয়সী আর্শদীপ।

পরে অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ককে ১৬ রানে ফিরিয়ে নিউজিল্যান্ডের শেষ দিকের প্রতিরোধও ভেঙে দেন তিনি। ধুঁকতে থাকা রান তাড়ায় দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন ডিন ফক্সক্রফট।

এর আগে নিউজিল্যান্ডের বোলার জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নিলে ৪২.১ ওভারে ২০৯ রানে অলআউট হয় ভারত।

রোহিত শর্মা ও বিরাট কোহলি দ্রুত ফিরে যাওয়ার পর ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন অক্ষর প্যাটেল ও ইশান কিষান। দুজনই করেন ৪৬ রান।

পুরো সিরিজেই ব্যাটারদের রান পেতে সংগ্রাম করতে হয়েছে। বৃষ্টিবিঘ্নিত প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর শুক্রবার চতুর্থ ওয়ানডেতে ভারতকে মাত্র ৮৯ রানে গুটিয়ে দিয়ে ২৪৪ রানের বিশাল জয় পায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের পরিবর্তনশীল আবহাওয়া ও উইকেটের সাথে মানিয়ে নেয়ার ক্ষেত্রে দলের সামর্থ্যরে প্রশংসা করেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। একই পরিস্থিতির মুখোমুখি হয়েই টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল ভারত।

তিনি বলেন, ‘আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আজ আমরা বিশ্বাস ধরে রেখেছিলাম, যদিও খুব বেশি রান করতে পারিনি।’

আইয়ার আরো বলেন, ‘পুরো সিরিজটি ব্যাটারদের জন্য ছিল না। বোলাররা যেভাবে বল করেছে, তারা প্রয়োজনের সময় নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে।’

নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনারের বিশ্বাস ছিল, তার দল লক্ষ্য তাড়া করতে পারবে। তবে উইকেটটি তার ধারণার চেয়ে বেশি দ্রুত গতির ছিল বলে জানান তিনি। ভারতের পেস আক্রমণ সেই সুবিধা কাজে লাগিয়েছে।

স্যান্টনার বলেন, ‘আমার মনে হয়েছে, আজ রাতেও তারা দারুণ বোলিং করেছে। চার পেসারই মাঝের ওভারগুলোতে নিয়মিত উইকেট তুলে নিতে পেরেছে।’

তিনি আরো বলেন, ‘কিছু সময় পরিস্থিতি বেশ কঠিন ছিল। আর্শদীপকে সঠিক সময়ে আবার বোলিংয়ে ফিরিয়েছে তারা।’

‘এটি ছিল অসাধারণ বোলিং পারফরম্যান্স। তারা আমাদের দারুণভাবে চাপে রেখেছিল। বাউন্সারের ব্যবহারও ছিল চমৎকার।’

ব্যাটিংয়ের সময় ডান হাতে আঘাত পাওয়ায় সোমবার এক্স-রে করাতে হবে বলে জানিয়েছেন স্যান্টনার। ফলে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট।