
জোহানেসবার্গে প্রথম দিনের দ্বিতীয় সেশনেও বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধাক্কা দিয়েছিলেন কাগিসো রাবাদা। তবে সেই ধাক্কা সামলে তাওহীদ হৃদয় ও লিটন দাসের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।
চা-বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৫৩ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান। ১২৬ বলে ৭টি চারে ৬৬ রান নিয়ে অপরাজিত হৃদয়। অন্য প্রান্তে ৫২ বলে ৪টি চারে ৩০ রান করেছেন লিটন। ষষ্ঠ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ৬৩ রানের।
মধ্যাহ্নবিরতির পর ৬৭ রান করা তানজিদ হাসান তামিম ও রানের খাতা খুলতে না পারা মুশফিকুর রহিমকে পরপর দুই বলে ফিরিয়ে বাংলাদেশকে আবার বিপদে ফেলেছিলেন রাবাদা। টেস্ট ক্যারিয়ারে ১৮তমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কীর্তিও গড়েছেন প্রোটিয়া পেসার।
তবে এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ৯৩ রান তুলেছে সফরকারীরা। হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিং ও লিটনের দৃঢ়তায় দিনের শেষ সেশনের আগে কিছুটা স্বস্তিতে শান্তর দল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








