
ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে দেশে অ্যাজমা (হাঁপানি) ও সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ)-এর মতো শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। অথচ এই মৌসুমি রোগগুলোর চিকিৎসায় যথাযথ প্রোটোকল অনুসরণ না করে নির্বিচারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা জনস্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতিতে রোগীদের সঠিক ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা রোধে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও শিক্ষণীয় সেশন (সিএমই)।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ‘সিজনাল এক্সাসারবেশন অব অ্যাজমা অ্যান্ড সিওপিডি : ট্রিট স্মার্ট, নট জাস্ট অ্যান্টিবায়োটিকস’ শীর্ষক এই কনটিনিউইং মেডিক্যাল এডুকেশন (সিএমই) সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু হেনা মোস্তফা কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন ও বিশদ আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: মো: আতিকুর রহমান খান।
মূল আলোচনায় ডা: মো: আতিকুর রহমান খান শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগ অ্যাজমা ও সিওপিডি’র মৌসুমি তীব্রতা মোকাবেলায় আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি তুলে ধরেন।
তিনি বলেন, ‘ঋতু পরিবর্তনের সময় ধুলাবালি, ঠান্ডা আবহাওয়া ও ভাইরাসজনিত সংক্রমণের কারণে শ্বাসকষ্টের রোগীদের জটিলতা বাড়ে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, প্রকৃত কারণ নির্ণয় না করেই রোগীদের উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে, যা আদৌ প্রয়োজন নেই।’
ডা: আতিকুর রহমান খান জোর দিয়ে বলেন, ‘অ্যাজমা বা সিওপিডি’র তীব্রতা নিয়ন্ত্রণে অ্যান্টিবায়োটিকের চেয়ে ইনহেলার, নেবুলাইজেশন ও সঠিক মাত্রার ব্রঙ্কোডাইলেটর ওষুধের ব্যবহারই সবচেয়ে কার্যকর বা ‘স্মার্ট ট্রিটমেন্ট’। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে রোগীর শরীরে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে সামান্য সংক্রমণেও জীবন রক্ষাকারী ওষুধকে অকার্যকর করে তুলবে।’
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু হেনা মোস্তফা কামাল তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি চিকিৎসকদেরও অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ করা না গেলে আগামী দিনে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা করতে হবে।’
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত এই সেশনে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা অংশ নেন। সেশন শেষে মুক্ত আলোচনায় চিকিৎসকরা মাঠপর্যায়ে শ্বাসকষ্টের রোগীদের চিকিৎসায় নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ‘স্মার্ট চিকিৎসা’ প্রোটোকল অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








