
নিজস্ব প্রতিবেদক
জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের (করৎরষষ খধহফবৎ-ডবনবৎ) হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে তাকে ফেরত দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি হস্তান্তর করেন আইজিপি মো: আলী হোসেন ফকির। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্রিল বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। তিনি গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি তার ল্যাপটপ ও ক্যামেরা ওয়েটিং রুমে রেলের কর্মী পরিচয় দেয়া এক ব্যক্তির কাছে রেখে পাশের একটি এটিএম বুথে টাকা উত্তোলনের জন্য যান। ফিরে এসে তিনি ল্যাপটপ ও ক্যামেরা খুঁজে না পেয়ে নাটোর থানায় গিয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন। তার ল্যাপটপে গত ছয় মাসের কার্যক্রম ছাড়াও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নাটোর সদর থানা পুলিশ, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় একাধিক টিম হারানো ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযানে নামে। পুলিশের নিরলস প্রচেষ্টায় গত ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টায় নাটোর সদর থানাধীন কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপটি (ম্যাকবুক) উদ্ধার করতে সক্ষম হয়।
বিদেশী পর্যটকের অভিযোগের দ্রুত নিষ্পত্তি, হারানো ল্যাপটপ উদ্ধার এবং বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতিস্বরূপ আইজিপি নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মো: মনসুর রহমান ও সাব-ইন্সপেক্টর মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার প্রদান করেন। ক্রিল বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ ভ্রমণকালে তার ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে এই চুরির ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না সে ব্যাপারে নিশ্চিত করেনি পুলিশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








