
গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটে এক লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। অন্যথায় দিলে আগুন দিয়ে মার্কেট পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে তারা। এ ঘটনায় জুয়েল আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গতকাল পিবিআইয়ের গাজীপুর জেলা পুলিশ সুপার মো: রকিবুল আক্তার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর জুয়েল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতার জুয়েল জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কাঠারবিল গ্রামের সাদা মিয়ার ছেলে। গত প্রায় সাড়ে পাঁচ বছর ধরে গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করছেন।
পিবিআই জানায়, গত ৬ অক্টোবর বিকেলে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটের পরিচালনা কমিটির কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন জুয়েল। তা দিতে অস্বীকৃতি জানালে তিনি মার্কেটটি পুড়িয়ে দেয়াসহ হত্যার হুমকি দেন। এর আগে ২০২২ সালের ২৫ ডিসেম্বর এই মার্কেটটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, যেখানে কয়েক হাজার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়। ওই অগ্নিকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে জুয়েল হুমকি দেন যে, চাঁদা না দিলে এবার এর চেয়েও বড় ক্ষতি করা হবে।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে মার্কেট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মিলটন হোসেন ৬ অক্টোবর গাজীপুরের বাসন থানায় একটি মামলা করেন। এরপর মামলাটির গুরুত্ব বিবেচনা করে ১২ অক্টোবর পিবিআই গাজীপুর জেলা স্ব-উদ্যোগে এর তদন্তভার গ্রহণ করে। এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ অক্টোবর রাত ১টার দিকে বাসন থানাধীন দীঘিরচালা এলাকা থেকে জুয়েলকে গ্রেফতার করে তারা।
পিবিআইয়ের তদন্তে জানা যায়, অনলাইন ক্যাসিনো ও জুয়ায় আসক্ত হয়ে জুয়েল বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে প্রায় তিন লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। এই ঋণের টাকা পরিশোধ করতেই তিনি মার্কেটের সামনের সাইনবোর্ড থেকে নম্বর সংগ্রহ করে এই চাঁদাবাজির পরিকল্পনা করে। হুমকির মুখে ভয় পেয়ে মার্কেট কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বিকাশের মাধ্যমে তাকে তিন হাজার এবং শনিবার দুই হাজার টাকা দেয়। সোমবার তাকে আরো পঞ্চাশ হাজার টাকা দেয়ার কথা ছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








