আইসিসির সুরক্ষায় বিকল্প পথ প্রস্তুত : ইইউ

আনাদোলু 
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যেও আদালতটির কার্যক্রম অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামনে একাধিক বিকল্প খোলা রয়েছে। সোমবার ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অবস্থানের কথা স্পষ্ট করেন জোটটির পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস। তিনি উল্লেখ করেন, মার্কিন এসব পদক্ষেপ কার্যকর হওয়ার আগের ছয় মাস সময় আলোচনার একটি ভালো সুযোগ তৈরি করেছে।
সংবাদ সম্মেলনে কাজা কালাস বলেন, ‘মার্কিন পদক্ষেপ কার্যকর হওয়ার আগের ছয় মাসের এই সময়টি আলোচনার একটি সুযোগ তৈরি করে দেয়।’ তিনি আরো বলেন, ‘আদালতটি যাতে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যেতে পারে, তা নিশ্চিত করার মতো বিকল্প ইইউর হাতে রয়েছে।’ সদস্য রাষ্ট্রগুলো আদালতটির সুরক্ষার বিষয়ে অত্যন্ত আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক আসরে রাশিয়ার অংশগ্রহণ নিয়েও কথা বলেন কালাস। তিনি বলেন, ‘খেলাধুলা এবং সংস্কৃতি যেন কোনোভাবেই রুশ আগ্রাসন ধামাচাপা দেয়ার মাধ্যম হয়ে না ওঠে।’ 
তিনি আরো বলেন, বৈশ্বিক ক্রীড়াঙ্গনে কীভাবে রাশিয়ার বিচ্ছিন্নতা বজায় রাখা যায়, সে বিষয়ে আমার দফতর কমিশনের সাথে যৌথভাবে প্রস্তাব উপস্থাপন করবে।’ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার বিষয়ে কালাস বলেন, যৌথ পদক্ষেপের প্রভাব অনেক বেশি জোরালো হয়।

Advertisement