
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
শুধুমাত্র সনদের জন্য নয়, নিজেকে ও দেশকে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের পড়াশোনা করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুরে বাঁশখালী সরকারি আলাওল কলেজের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময়সভায় তিনি এ অভিমত প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে জহিরুল ইসলাম বলেন, আমি নিজেও একজন শিক্ষক। বাস্তবে শিক্ষাব্যবস্থার ইতিবাচক পরিবর্তন চাই। শিক্ষার্থীদের এমনভাবে পড়ালেখা করতে হবে, যেন অভিভাবক ও শিক্ষকেরা তাদের নিয়ে গর্ব করতে পারেন। তিনি শিক্ষার্থীদের রাত জাগার অভ্যাস ও স্মার্টফোনের অপব্যবহার ত্যাগ করে সুশৃঙ্খল জীবনযাপনের পরামর্শ দেন।
নিজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজের অধ্যক্ষ থাকাকালেও এ প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সুযোগ থাকায় কাজ করেছি। মহান আল্লাহর রহমতে এখন অবারিত সুযোগ তৈরি হয়েছে। বাঁশখালী সরকারি আলাওল কলেজের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ ভূমিকা রাখব।
মতবিনিময়সভায় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য শেখ ফরিদ উদ্দীন চৌধুরীসহ কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








