সংক্ষিপ্ত সংবাদ

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। গত রোববার সকালে রেললাইনের ওপর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরচণ্ডী এলাকায় রেললাইনের ওপর নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা রেলওয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়। ওই নারী কিভাবে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রেললাইন থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রাজশাহী ব্যুরো।

Advertisement

ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার
নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও এসআরবির যৌথ অভিযানে এক হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির এক লাখ ২১ হাজার ১০০ টাকা ও তিনটি মোবাইল ফোনসহ আজাদ মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন সোনাপুর-নোবিপ্রবি আঞ্চলিক সড়কে এ অভিযান চালানো হয়। আজাদ নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাপুর এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৯৭ গ্রাম ওজনের এক হাজার পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। নোয়াখালী অফিস।

আশুলিয়ায় ডাকাত সর্দার শাওনসহ আটক ৬
ঢাকার আশুলিয়ার ইয়ারপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাওনসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১০ থেকে ১২টি দেশীয় অস্ত্র ও দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে জামগড়া পুলিশ ক্যাম্পের এসআই রাশেদুজ্জামান এ তথ্য জানান। পুলিশ জানায়, কাশিমপুর থানার একটি মামলার তদন্ত করতে গিয়ে শাওনের নেতৃত্বাধীন ডাকাত চক্রের সন্ধান পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। পুলিশের দাবি, অভিযান কালে তারা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সঙ্ঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য বলে জানা গেছে। তারা টঙ্গী, জিরাবো ও কাশিমপুরসহ আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করত। এসআই রাশেদুজ্জামান জানান, শাওনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা।

ভারতীয় মদসহ আটক ৩
সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৪৫ হাজার টাকা। গতকাল সোমবার রাত ১২টা ১৫ মিনিটে সুনামগঞ্জ সদর থানার ওয়েজখালী এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা গ্রামের মো: মোজাম্মেল হক (৩৬), মো: মিরাজুল ইসলাম (৩৪) ও হারুয়ারকান্দা গ্রামের মো: নাজমুল হাসান হৃদয় (২৮)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে মদ নিয়ে অবস্থানের সময় ডিবির উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। সুনামগঞ্জ প্রতিনিধি।

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজন মিয়া (২৬) নামে এক অটোরিকশাচালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে তারাবো পৌরসভার রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়। নিহত রাজন রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে। গ্রেফতার ব্যক্তিরা হলেন চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২২) এবং নোয়াখালীর করিমপুর এলাকার আবদুল কাদির মিয়ার ছেলে জামাল মিয়া (২৪)। পুলিশ জানায়, কয়েকজন যুবক যাত্রী সেজে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশা ভাড়া নেয়। পথে বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছে তারা ধারালো অস্ত্র দিয়ে চালকের গলায় আঘাত করে রাস্তার পাশে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

পুকুরে মিলল নিখোঁজ শিশুর লাশ
চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর মো: হোসাইন (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা। হোসাইন ওই এলাকার আবদুুর রহিমের ছেলে। তার বাবা চট্টগ্রাম বন্দরে শ্রমিকের কাজ করেন। পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ির পাশে সমবয়সীদের সাথে খেলছিল হোসাইন। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি ও মাইকিং করেন। রাতে আনোয়ারা থানায় জিডি করেন তার বাবা। পরদিন সকালে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।