বিজিবির গুলিতে নিহত ১, বিজিবি সদস্য আহত

ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চলাকালে বিজিবির টহলদলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে নোমান (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নোমান ভুবনকুড়া ইউনিয়নের ঝলজুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
৩৯ বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে অভিযান চালানোর সময় চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালায়। প্রথমে মৌখিকভাবে সতর্ক করা হলেও হামলাকারীরা তা উপেক্ষা করে আক্রমণ বজায় রাখে, যার ফলে এক বিজিবি সদস্য আহত হন। এরপর জীবন ও সরকারি সম্পদ রক্ষায় বিজিবি আত্মরামূলক গুলিবর্ষণ করলে নোমান গুলিবিদ্ধ হন।
আহত নোমানকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Advertisement