
ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে বিরোধীরা পেতে পারে ৬৭টি, নেতানিয়াহুর জোট ৪৯টি
২৭ অক্টোবরের নির্বাচন সামনে চালানো এক জনমত জরিপে দেখা গেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী দলগুলো পার্লামেন্টে তার জোটের চেয়ে ১৮টি আসনে এগিয়ে রয়েছে।
তুরস্কের বার্তা সংস্থা আনদোলু মঙ্গলবার (১৩ অক্টোবর) জানায়, চ্যানেল ১২-এর জরিপ অনুযায়ী, নেতানিয়াহুবিরোধী জায়নবাদী দলগুলো ৫৪টি এবং আরব দলগুলো ১৩টি আসন পেতে পারে। চ্যানেলটি ‘তৃতীয় জোট’ হিসেবে চিহ্নিত একটি গোষ্ঠীর ভাগ্যে জুটতে পারে চারটি আসন। সরকার গঠনের জন্য নেসেটের অন্তত ৬১টি আসন প্রয়োজন।
১২ অক্টোবর জরিপটি চালানো হয়। এতে ১৮ বছর বা তার বেশি বয়সী ৫০৯ জনের মতামত নেয়া হয়। জরিপের ফলে সর্বোচ্চ ৪ দশমিক ৪ শতাংশ পয়েন্ট পর্যন্ত ত্রুটি থাকতে পারে।
জরিপ অনুযায়ী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ২৩টি আসন পেয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে। নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ২০টি আসন, যা চ্যানেলটির আগের জরিপের চেয়ে একটি কম।
সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের বিয়াখাদ পার্টি পেতে পারে ১৩টি আসন। ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টি এবং আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু পার্টি পেতে পারে নয়টি করে আসন।
ইউসেফ জাবারিনের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট, আরিয়া দেরির অতি-গোঁড়া ইহুদিদের দল শাস এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের জিউশ পাওয়ার পার্টি পেতে পারে আটটি করে আসন।
ইয়াকভ আশেরের নেতৃত্বাধীন ইউনাইটেড তোরাহ জুডাইজম পেতে পারে সাতটি আসন। অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ও রাজনীতিক মোশে ফেইগলিনের নেতৃত্বাধীন রিলিজিয়াস জায়নবাদ-জেহুত জোট পেতে পারে ছয়টি আসন।
মানসুর আব্বাসের ইউনাইটেড আরব লিস্ট পেতে পারে পাঁচটি আসন। এর ফলে আরব দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা দাঁড়াবে ১৩-তে। ইয়োয়াজ হেন্ডেল ও ইয়ারন জেলেখার নেতৃত্বাধীন রিজার্ভিস্ট-ইকোনমিক যৌথ দল পেতে পারে চারটি আসন।
প্রধানমন্ত্রী হিসেবে কে বেশি উপযুক্ত, সেই প্রশ্নে আইজেনকোটের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৫ শতাংশ উত্তরদাতা। নেতানিয়াহুর পক্ষে সমর্থন ৩৫ শতাংশ। ফলে দুজনের মধ্যে ব্যবধান বেড়ে ১০ শতাংশ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের জরিপে ব্যবধান ছিল মাত্র তিন পয়েন্ট।
এই প্রশ্নে বেনেটও নেতানিয়াহুর চেয়ে সামান্য এগিয়ে। বেনেটের প্রতি সমর্থন ৩৭ শতাংশ, নেতানিয়াহুর ৩৬ শতাংশ। তবে আভিগদর লিবারম্যানের চেয়ে এগিয়ে রয়েছেন নেতানিয়াহু। তার প্রতি সমর্থন ৩৫ শতাংশ, লিবারম্যানের ২৭ শতাংশ। আগের জরিপে দুজনের মধ্যে ব্যবধান ছিল ১৭ পয়েন্ট। এবার তা কমে আট পয়েন্টে নেমেছে।
চ্যানেল ১২ জানিয়েছে, জরিপে অংশ নেয়া প্রায় ৮ শতাংশ মানুষ এখনো কাকে ভোট দেবেন, তা ঠিক করেননি।
২০২২ সালের ডিসেম্বরের শেষ দিক থেকে বর্তমান সরকারের নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহু। তার এই জোটকে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী সরকার বলে মনে করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








