
মোংলা প্রতিনিধি
সুন্দরবনের দস্যু সম্রাট বাহিনীর কাছে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের কর্মকর্তা সাব্বির আলম সুজন।
কোস্টগার্ড জানায়, খুলনা জেলার দাকোপ থানাধীন শিপসা নদীর আরবানিয়া খাল এলাকায় জলদস্যুদের অবস্থানের খবর পেয়ে কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা অপহৃত জেলেদের ফেলে বনে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া জেলেরা হলেন খুলনা জেলার পাইকগাছা এলাকার বাসিন্দা মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তারা জানান, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে এবং মুক্তিপণের দাবিতে নির্যাতন চালায়।
কোস্টগার্ড কর্মকর্তা সাব্বির আলম জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ‘অপারেশন রিস্টোর পিস’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালিত হচ্ছে। উদ্ধার করা জেলেদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








