সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষিকার

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

সাতক্ষীরা সদর উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এক স্কুলশিক্ষিকা নিহত ও তার স্বামী গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় খুলনায় কলেজছাত্র, মহেরপুর সদর উপজেলায় প্রথম শ্রেণীর ছাত্র, নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবক, লক্ষ্মীপুরে ভ্যানচালক, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কিশোর, চুয়াডাঙ্গার দামুড়হুদায় শিশু মারা গেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় শামীমা নাসরিন নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন স্বামী আব্দুল মজিদ। গতকাল সকালে সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তবে চালক পালিয়ে গেছেন।
নিহত শামীমা নাসরিন সদর উপজেলার বৈকারী গ্রামের মো: জালালউদ্দীনের মেয়ে এবং ভাড়–খালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ছিলেন। 
সদর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, সকালে স্বামী আব্দুল মজিদের বাইকে শামীমা নাসরিন বাবার বাড়ি বৈকারী থেকে বিদ্যালয়ে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগলে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শামীমা নাসরিন। এ ঘটনায় গুরুতর আহত স্বামী আব্দুল মজিদকে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
খুলনায় কলেজছাত্র নিহত
খুলনা ব্যুরো জানায়, নগরীর জোড়াগেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলভী (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। সে নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের বাবুল আক্তারের ছেলে, এসএসসি পাস করে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিল।
পুলিশ জানায়, রোরবার রাত সোয়া ১টার দিকে আলভী মোটরসাইকেল নিয়ে বের হয়ে নগরীর জোড়াগেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইটের দেয়ালে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিাকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
মেহেরপুরে স্কুলছাত্র নিহত
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে ফাহিম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের ইছাহক আলীর ছেলে, রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ত। 
জানা গেছে স্কুল থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় গোল্ডেন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করেছে।
এর আগে ২০২৫ সালের ৯ নভেম্বর ওই গ্রামের মসুরীভাজা বিলে পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়। তাদের মধ্যে দু’জন ছিল ফাহিমের বোন। দুই মেয়েকে হারানোর পর এবার সড়ক দুর্ঘটনায় ছেলেকেও হারিয়ে সন্তান হারা হলেন বাবা-মা। 
আড়াইহাজারে নিহত ১
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গতকাল সকালে উপজেলার পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই উপজেলার বান্টি এলাকার মালুপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, হতাহতরা রূপগঞ্জের আধুরিয়া থেকে মাছ ধরে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে সুজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো সাতজন।
লক্ষ্মীপুরে ভ্যানচালক নিহত
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম্পট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে। গতকাল সকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সড়কে গাছের গুঁড়ি ফেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।   
মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল সকালে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের সমষপুর ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতের নাম ফারদিন (১৭), বাড়ি শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়া এলাকায়। আর আহত মোটরসাইকেল চালক মিঠু (২২) ইউনিয়নের বাঁশপট্টি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 
হাঁসাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানিয়েছে, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে সমষপুর ফ্লাইওভারের ঢালে শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠালে চিকিৎসক ফারদিনকে মৃত ঘোষণা করেন। 
দামুড়হুদায় শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশু পটল হোসেন (৮) মারা গেছে। সে ওই গ্রামের শামসুল আলীর ছেলে। স্থানীয়রা জানান, গতকাল মোক্তারপুর এলাকার একটি ইটভাটার কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল শিশু পটলকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।