
বিশেষ সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন আগামী ১২ নভেম্বর। গতকাল সোমবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৬ অক্টোবর। সংরক্ষিত নারী আসনের-২৩ এমপি বিএনপির ফেরদৌসী আহমেদ মিষ্টি দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইসি সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ৬ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন এ উপনির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে।
তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিন ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি করা হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। এরপর ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। সবশেষে ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাই ও আপিল নিষ্পত্তিসহ সংশ্লিষ্ট কার্যক্রমও নির্ধারিত স্থান ও সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








