
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার সাথে সিসিটিভি ক্যামেরায় দেখা যাওয়া তরুণীকে (১৯) গ্রেফতার করেছে নৌপুলিশ। তাহসিফ সাউরির সাথে রাজধানীর একটি এলাকায় দেখা গিয়েছিল তাকে।
আজ রোববার দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
এর আগে, গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে কাফরুল এলাকা থেকে তরুণীকে গ্রেফতার করা হয়।
এদিকে, আজ রোববার মামলার তদন্ত কর্মকর্তা নৌপুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তরুণীকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, সিসিটিভি ফুটেজে গত ২৭ অক্টোবর রাতে উত্তরার একটি রেস্তোরাঁয় তাহসিফ সাউরির সাথে ওই তরুণীকে দেখা যায়। এরপর তারা আরো কয়েক জায়গায় যান। তাদের মধ্যে মোবাইলফোনে কথা হয়।
জিজ্ঞাসাবাদে তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেয়া বক্তব্য যাচাইয়ের জন্য ওই তরুণীকে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে বলে পুলিশ জানায়।
গতকাল আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেয়া হয়।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় গত শুক্রবার রাতে হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








