ব্যর্থতায় বছর শেষ করছে নারী ফুটবল

 ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ফুটবলে গর্ব নারী ফুটবল। তাদের দখলে ছিল সাফের সব শিরোপা।  সেই ধারাক্রমে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলেছে বাংলাদেশ। ওই সূত্র ধরেই প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার সুযোগ। এ বছরই তারা এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের ফাইনাল রাউন্ডেও খেলেছে। অবশ্য কোনো আসরেই সাফল্য আসেনি। শেষ ভরসা ছিল এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করা নিয়ে। গত পরশু ফিলিপাইনের কাছে ০-৩ গোলে হেরে সেই আশায় গুড়ে বালি। ফলে এ বছর নারী ফুটবলে আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই। তাই ব্যর্থ একটি বছরই পার করতে হচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দলকে।
মার্চে বাংলাদেশ দল নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল। আশা ছিল সেখানে সেরা আটে থেকে অলিম্পিক গেমসে কোয়ালিফাই করতে পারবে। অথচ তাদের ফিরে আসত হলো তিন ম্যাচে ১১ গোল হজম করে। প্রথম ম্যাচে চীনের কাছে ০-২ গোলে হারটাই ছিল সম্মানের। সে খেলায় লড়াই করেছিলেন আফঈদা খন্দকার প্রান্তিরা। তবে এরপরও ছন্দ পতন। দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ০-৫ গোলে হারের পর শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ০-৪ গোলে ধরাশায়ী।
নারী ফুটবল দল এরপর জুনে ভারতে অনুষ্ঠিত সাফেও শিরোপা ধরে রাখতে পারেনি। ফাইনালে ১-৩ গোলে হেরেছিল ভারতের কাছে। এর আগে এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবলের কোনোটিতেই জিততে পারেনি। থাইল্যান্ডের বিপক্ষে ২ গোলে লিড নিয়েও ২-৩ গোলে হার। এরপর চীনের কাছে ০-২ এবং ভিয়েতনামের কাছে ০-১ গোলে হার। গত মাসে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে জিতলেই চলে যেত নক আউটে। কিন্তু মিয়ানমারের সাথে গোলশূন্য ড্র করে সর্বনাশ। এর আগে তারা দক্ষিণ কোরিয়ার কাছে ০-৬  এবং উত্তর কোরিয়ার কাছে ০-১০ গোলে হারে। যদিও বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা মিয়ানমারের সাথে  করা ড্রকেই বেশ গুরুত্ব দিয়েছেন।
সিনিয়র জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ নারী দলের এএফসি ও এশিয়ান গেমসের আসরে ব্যর্থ হওয়ার সাথে যোগ হয়েছে সাফ অনূর্ধ্ব-১৯ আসরে শিরোপা জিততে না পারা। এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নেপালের পোখরায় গ্রুপ ম্যাচে বাংলাদেশ ২-০তে হারিয়েছিল ভারতকে। কিন্তু পিটার বাটলারের দল ফাইনালে ভারতের কাছে ০-৪ গোলে উড়ে যায়।
শেষ আশা ছিল এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের বাছাই পর্ব ঘিরে। যেখানে বাংলাদেশ শেষ ম্যাচে ফিলিপাইনকে হারালেই চলে যেত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে; কিন্তু সাইফুল বারী টিটুর দল প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারালেও ফিলিপাইনের কাছে ০-৩ গোলে হেরে হতাশাজনক রানার্সআপ হয়ে বিদায় নেয়। যদিও উজবেকিস্তান যাওয়ার আগে জর্দানে গিয়ে সেখানে প্রস্তুতি ম্যাচে জর্দান অনূর্ধ্ব-১৭ দলকে ৫-০ ও ২-০তে হারায় বাংলাদেশ।

Advertisement