ইউরোপিয়ান ফুটবলে ঘটনাবহুল রাত

ক্রীড়া ডেস্ক
ইউরোপিয়ান ফুটবলে নানা ঘটনা- বির্তক আর লাল কার্ডময় রাত পার করেছে পরশু। দুই লাল কার্ড, দর্শকদের ছোড়া কাগজের কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়া সবই হয়েছে লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগে। স্প্যানিশ লা লিগায় বিতর্ক ও নাটকে ভরা রাতে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দল জয় পেলেও বদলি হিসেবে নেমে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে। শেষ পর্যন্ত ১২০ মিলিয়ন পাউন্ডের নতুন সাইনিং ১৯ বছর বয়সী ইয়ান ডিওমান্দির প্রথম গোলে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর দল। রেফারির এ সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ হয় রিয়াল মাদ্রিদ শিবির এবং প্রতিবাদ হিসেবে ম্যাচ পরবর্তী বাধ্যবাধকতামূলক সংবাদ সম্মেলনে উপস্থিত হননি কোচ মরিনহো। ইংলিশ লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়কে মাথা গুতা মেরে লাল কার্ড পান টটেনহ্যামের রদ্রিগো বেনতারকুর। লা লিগায় রায়ো ভায়কানো ও অ্যাথলেটিক ক্লাবের খেলা পরিত্যক্ত হয় রায়ো সমর্থকদের ক্রমাগত মাঠে ছুড়তে থাকা কাগজের কারণে। ক্লাবের মালিকানা বদল চেয়ে তাদের এ প্রতিবাদ।
লা লিগায় প্রথম অর্ধে রিয়াল মাদ্রিদকে বেশ চাপে রাখে ভিয়ারিয়াল। ৬২তম মিনিটে গোল করেন ১৯ বছর বয়সী ইয়ান ডিওমান্দি। 
তবে নাটকের সূচনা হয় ৭২তম মিনিটে। ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের পরিবর্তে মাঠে নামার ঠিক ২০ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়র ভিয়ারিয়ালের জালে বল পাঠালে টাচলাইনে উল্লাসে মেতে ওঠেন কোচ হোসে মরিনহো; কিন্তু ভিএআরের মাধ্যমে মনিটরে দেখা যায়, গোলটি করার ঠিক আগে ভিয়ারিয়াল ডিফেন্ডার নাথান সালিবার চুল ধরে টেনেছিলেন ভিনিসিয়ুস। ফলস্বরূপ গোলটি বাতিল করার সাথে উগ্র আচরণের অভিযোগে ভিনিসিয়ুসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।  
দিনের শুরুতে গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ব্যবধান বাড়ায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এ জয়ের পর ৮ ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। 
১০ জনের টটেনহ্যামের বিরুদ্ধে পয়েন্ট হারাল ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে আরো একটি হতাশাজনক রাত কাটালো ম্যানচেস্টার ইউনাইটেড। ১০ জনের টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে রেড ডেভিলদের। ৭৭তম মিনিটে উইং-ব্যাক লুক শ’র সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন টটেনহ্যামের উরুগুয়ান মিডফিল্ডার রদ্রিগো বেনতারকুর। লুক শতাকে ধাক্কা দিলে জবাবে মাথা দিয়ে আঘাত করার (হেডবাট) অভিযোগে ৭৮তম মিনিটে সরাসর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ১০ জনের দলে পরিণত হওয়ায় টটেনহ্যামের ঘুরে দাঁড়ানো অসম্ভব বলেই মনে হচ্ছিল। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে রোমাঞ্চের চূড়ান্ত দৃশ্য দেখা যায়। ৯২তম মিনিটে সান্দ্রো তোনালির বাড়ানো নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে ওল্ড ট্র্যাফোর্ডকে স্তব্ধ করে দেন টটেনহ্যামের ভারপ্রাপ্ত অধিনায়ক ডমিনিক সোলানকে (১-১)।
লা লিগায় রায়ো ভায়কানো ও অ্যাথলেটিক ক্লাবের ম্যাচের ১৩ মিনিট পর দর্শকরা কাগজের বিমান বানিয়ে মাঠে ছুড়তে থাকে। সাথে রাবারের বস্তু। এতে রেফারি খেলা বন্ধ রাখেন। ১৫ মিনিট বিরতির পর  রেফারি ফের খেলা শুরু করতে চাইলে আবার দর্শকদের কাগজের বিমান ছোড়া শুরু। এতে বাধ্য হয়েই রেফারি খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। সমর্থকরা ক্ষুব্ধ রায়ো ভায়কানোর ক্লাব সভাপতি রাউল মার্টিন পেসার ওপর। তাদের অভিযোগ সভাপতি পেসা ক্লাবের সুযোগ সুবিধা বৃদ্ধি ও আধুনিকায়নে ব্যর্থ হয়েছেন। ফলে তার পদত্যাগ চেয়ে গ্যালারিতে স্লোগান দিতে থাকেন সমর্থকরা।
বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল হজমের বিব্রতকর রেকর্ডে নাম উঠল বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের। তার বড় ভুলে ম্যাচ শুরুর মাত্র ৮.৪ সেকেন্ডেই গোল খেয়ে বসে জার্মান জায়ান্টরা। শেষ পর্যন্ত দুইবার পিছিয়ে পড়েও আউসবুর্গের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ভিনসেন্ট কোম্পানির দল। বায়ানের দুই গোলেরই জোগানদাতা হ্যারি কেন।

Advertisement