গাছ থেকে পড়ে নিহত যুবক মো: রুবেল
গাছ থেকে পড়ে নিহত যুবক মো: রুবেল। নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ কাটার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে মো: রুবেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল একই ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া গ্রামের আব্দুল মজিদ মুহুরী বাড়ির মো: মোস্তফার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

নিহত রুবেলের প্রতিবেশী হাসিব হাসান ও মাসুদ জানান, রুবেল পাশের এলাকায় দৈনিক মজুরিতে গাছ কাটতে গিয়েছিলেন। সেখানে অসাবধানতাবশত তিনি একটি গাছ থেকে পড়ে যান। এতে কোমর ও মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান সুরভী জানান, বেলা ১১টার দিকে মো: রুবেল নামে একজনকে মৃত অবস্থায় নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। পরে মিরসরাই থানা পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মায়ানীতে গাছ থেকে পড়ে এক যুবক মারা গেছে। লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।