হংকং সিক্সেস
হংকং সিক্সেসে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। সংগৃহীত

অধিনায়ক আবু হায়দার রনির দুর্দান্ত ব্যাটিংয়ের পরও হংকং সিক্সেসে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ রোববার মং কক মাঠে অনুষ্ঠিত ম্যাচে এই হার দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শেষ হয়েছে।

Advertisement

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ১১৬ রান তোলে বাংলাদেশ। জবাবে শেষ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৭ রান করে জয় নিশ্চিত করে ভারত।

শুরুতেই দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে আবু হায়দারের বিধ্বংসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দলটি। ১৮ বলে অপরাজিত ৬২ রান করেন তিনি। রনির ইনিংসে ছিল আটটি ছক্কা ও তিনটি চার।

হাবিবুর রহমান সোহান ৬ বলে ১৮ এবং সাব্বির রহমান ৪ বলে ১৩ রান করে বাংলাদেশের সংগ্রহকে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ অবস্থানে নিয়ে যান।

ভারতের হয়ে ২ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া।

জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারত। শশাঙ্ক সিং ও রাহুল ত্রিপাঠি দ্রুত রান তুলে দলকে জয়ের পথে এগিয়ে নেন। মাত্র ১৫ বলে ৫০ রান করার পর চোটের কারণে অবসরে যান শশাঙ্ক। ত্রিপাঠি ১২ বলে করেন ৩২ রান।

রাহুল তেওয়াটিয়া ৫ বলে ১৬ এবং নীতিশ রানা ৪ বলে অপরাজিত ১০ রান করে ভারতের জয় নিশ্চিত করেন। ৬ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

বাংলাদেশের একমাত্র উইকেটটি নেন আহরার আমিন। ম্যাচসেরা নির্বাচিত হন ক্রুনাল পান্ডিয়া।

এই পরাজয়ে টুর্নামেন্টে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকল। এর আগে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছেও হেরেছিল বাংলাদেশ। 

সূত্র : বাসস