
ফরাসি লিগ ওয়ানে ধুঁকতে থাকা ক্লাব লে হাভরে কোচ দিদিয়ের দিগার্দকে বরখাস্ত করেছে। একইসাথে চেয়ারম্যান জিন-মিশেল রুসিয়েরের পদত্যাগও গ্রহণ করেছে ক্লাবটি।
শুক্রবার ঘরের মাঠে পিএসজির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
এখনো জয়ের দেখা না পাওয়া লে হাভরে মাত্র দুই পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের তলানিতে রয়েছে। পিএসজির কাছে শুক্রবারের বড় ব্যবধানের হার ক্লাবটির মার্কিন মালিকানা প্রতিষ্ঠান ব্লু ক্রো স্পোর্টস গ্রুপকে দারুণভাবে হতাশ করে।
এক বিবৃতিতে মালিকপক্ষ জানায়, ‘চেয়ারম্যানের পদ থেকে জিন-মিশেল রুসিয়েরের পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি।’
আগামী বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘এ ছাড়া চলমান প্রক্রিয়ার আওতায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোচ দিদিয়ের দিগার্দকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার কথা জানিয়েছে লে হাভরে অ্যাথলেটিক ক্লাব।’
ক্লাবটির যুব দলের পরিচালক জাইর কারামকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার থেকে প্রথম দলের অনুশীলন পুনরায় শুরু হলে তিনি দায়িত্ব নেবেন।
চলতি মৌসুমে লিগ ওয়ানে দ্বিতীয় কোচ হিসেবে বরখাস্ত হলেন দিগার্দ। এর আগে মাত্র ছয়টি লিগ ম্যাচে দায়িত্ব পালনের পর জার্মান কোচ ডিনো টপমোলারকে বরখাস্ত করেছিল লেন্স।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








