হেরে বিদায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের

ক্রীড়া প্রতিবেদক
ম্যাচের স্কোর লাইন থেকে বুঝা যাবে না বাংলাদেশ দল কতটা ভালো খেলেছে। ফিলিপাইনের বিপক্ষে মাস্ট উইন ম্যাচে মেঘলা রায়, আলপি আক্তাররা দারুণ খেলেছিলেন। ফিলিপাইনের বিপক্ষে ৭২ মিনিট পর্যন্ত স্কোর রেখেছিলেন গোলশূন্য। কিন্তু এরপর ৭৩ মিনিটে পিছিয়ে পড়ার পর গোল শোধ দিতে মারিয়া চেষ্টা চালান আলপি আক্তাররা। কিন্তু সমতাসূচক গোলতো হয়নি উল্টো আরো দুই গোল হজম। ফলে ০-৩ গোলে হেরে এবারো এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠা হলো না সাইফুল বারী টিটুর দলের।
উজবেকিস্তানের তাশখন্দে বাংলাদেশ দল সমান তালেই লড়ছিল। প্রথমার্ধের ইনজুরি টাইমেতো কপাল দোষ বাংলাদেশ গোল পায়নি। বক্সের বাইরে থেকে স্ট্রাইকার আলপি আক্তার বাম পায়ে জোরালো শট নেন। সেই শট ফিলিপাইনের গোলরক্ষককে পরাস্ত করলেও বল গিয়ে আঘাত হানে ক্রসবারে। এর আগে ৪৩ মিনিটে কর্নার থেকে বাংলাদেশের এক ফুটবলারের হেড যায় বাইরে। ১৬ মিনিটে অবশ্য গোলরক্ষক মেঘলা রায় দারুণ এস সেভ করেন।
বিরতির পর বাংলাদেশ জয়ের জন্য আক্রমণে গতি বাড়ায়। ব্যর্থ হয় কয়েকটি চেষ্টা। এরই মধ্যে ৭৩ মিনিটে কর্নার থেকে ফিলিপাইন এগিয়ে যায়। পিছিয়ে পড়া লাল-সবুজরা অল আউট আক্রমণে গেলে কাউন্টার অ্যাটাক থেকে ৮৯ ও ৯১ মিনিটে আরো দুই গোল করে ফিলিপাইন। দু’টি গোলই নোয়েলে গেনজেরের। এতে টানা দুই জয়ে ফিলিপাইন চলে গেল চূড়ান্ত পর্বে। আর বাংলাদেশ দলকে রানার্সআপের কষ্ট নিয়ে ফিরতে হচ্ছে দেশে।

Advertisement