
ক্রীড়া প্রতিবেদক
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ব্যাট হাতে নতুন রেকর্ডের জন্ম দিলেন সোবহানা মোস্তারি। তার দুর্দান্ত সেঞ্চুরিতে বিপর্যয় কাটিয়ে ২২০ রানের পুঁজি পেল বাংলাদেশ। কিন্তু জর্জিয়া ভলের বিধ্বংসী ব্যাটিংয়ে সেই পুঁজিই হয়ে গেল অস্ট্রেলিয়ার কাছে মামুলি। ৯ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো স্বাগতিকরা! ম্যাচটি বাংলাদেশের জন্য দুই বিপরীত অভিজ্ঞতার। একদিকে সোবহানা মোস্তারির ব্যাটে ব্যক্তিগত ও দলীয় রেকর্ডের আনন্দ, অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসহায় আত্মসমর্পণের হতাশা। প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেও ৯ উইকেটের হার। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ অস্ট্রেলিয়ার।
গতকাল ম্যাচের শুরুতে বাংলাদেশের ব্যাটারদের জন্য দৃশ্যপট ছিল ভয়াবহ। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানেই সাজঘরে ফেরেন তিন ব্যাটার। ফারজানা হক, শারমিন সুলতানা ও শারমিন আক্তারকে হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। শুরুতে ধস সামলানো, এরপর ধীরে ধীরে রান বাড়ানো-দুই ব্যাটারের দায়িত্বশীলতায় বদলে যেতে থাকে ম্যাচের চিত্র!
একসময় যে ইনিংস দুই শ’ ছোঁয়া নিয়েই শঙ্কায় ছিল, সেই ইনিংসেই রেকর্ডের ফুলঝুরি ফোটান সোবহানা। ১২৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৩৪ বলে ১৮ চারের সাহায্যে খেলেন ১১৮ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির কীর্তি গড়েন। একই সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেটে যেকোনো ফরম্যাটে প্রথম শতরানও এটি। বাংলাদেশের নারী ক্রিকেটে যেকোনো ফরম্যাটে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এর আগে ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে টি-২০তে নিগার সুলতানার অপরাজিত ১১৩ রান ছিল সর্বোচ্চ। এবার অধিনায়কের সামনেই সেই রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন সোবহানা।
তবে এই রেকর্ড গড়ার পথ একা পাড়ি দেননি তিনি। অন্য প্রান্তে অবিচল ছিলেন জ্যোতি। দু’জনের মধ্যে গড়ে ওঠে ১৯৫ রানের অবিশ্বাস্য জুটি। চতুর্থ উইকেটে এই জুটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে যেকোনো দলের সর্বোচ্চ জুটির রেকর্ডও ভেঙেছেন তারা। জুটিটি শেষ পর্যন্ত ২০০ রানের মাইলফলক থেকে মাত্র পাঁচ রান দূরে থামে। ৪৮তম ওভারের পঞ্চম বলে মেগান শুটের বলে সোবহানার বিদায়ে ভাঙে এই জুটি।
অধিনায়ক জ্যোতিও নিজের দায়িত্ব দারুণভাবে পালন করেছেন। ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থেকে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন। শেষ দিকে পরপর দুই উইকেট হারালেও ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২২০ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে বাংলাদেশের এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অস্ট্রেলিয়ার মেগান শুট ৩৬ রানে নেন ৪ উইকেট।
বাংলাদেশের রেকর্ডের দিনটি নিজের করে নিতে দেননি জর্জিয়া ভল। ২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তার সেঞ্চুরিত (১৩১) ৯ উইকেটে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








