
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক আমির খসরুকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গতকাল রোববার দাফন করা হয়েছে। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর গত শনিবার তিনি ইন্তেকাল করেন। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতির পক্ষে এপিএস ইউনূস আলী ও তৈমুর হোসেন বিপুল এবং জাতীয় প্রেস ক্লাব, ওকাবের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জানাজায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা অংশ নেন।
নামাজে জানাজার আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, কয়েক দিন আগে সাংবাদিক তৌফিক ইমরুজ খালিদীর ইন্তেকালের পর আমীর খসরুর ইন্তেকাল সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। এ দু’জন সাংবাদিক গড় আয়ু অতিক্রম করতে পারেননি। তিনি গণতান্ত্রিক সরকারের কাছে গণম্যাধ্যমে সংবাদকর্মীদের রুটি রোজগারে যেসব বাধা আছে তা অপসারণের দাবি জানিয়ে বলেন, কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীরা যাতে স্বস্তিতে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে জন্য উপযুক্ত উদ্যোগ নেয়া জরুরি। জানাজার আগে আমীর খসরুর স্ত্রী তার স্বামীর সহকর্মীদের কাছে মরহুমের ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
সিনিয়র সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমীর খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
গতকাল এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, মরহুম আমীর খসরু তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
মন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া আমীর খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে আমীর খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








