সড়ক নির্মাণে ৩ বছরের ওয়ারেন্টি, সুপেয় পানি নিশ্চিতের সুপারিশ
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় : নয়া দিগন্ত।


নিজস্ব প্রতিবেদক

Advertisement

গ্রামীণ সড়ক ও রাস্তাঘাট নির্মাণকাজের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সাথে দেশের আর্সেনিকযুক্ত এলাকাগুলো চিহ্নিত করে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে প্রকল্প গ্রহণ এবং কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়েছে।
গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব এমপির সভাপতিত্বে বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা এবং মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে গ্রামীণ সড়ক নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, নির্মাণকাজের মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত গ্রহণের সুপারিশ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে নির্মাণকাজের তদারকি জোরদার করার কথা বলা হয়।
বৈঠকে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলা পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের সুপারিশ করা হয়। এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান তদারকি এবং জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।
এ ছাড়া উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের উপস্থিতি ও দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত করতে অনলাইনভিত্তিক হাজিরা ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়। কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও স্বজনপ্রীতিমুক্ত আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করে কমিটি।
বৈঠকে ফ্যাসিস্ট সরকারের আমলে দেশী-বিদেশী অর্থায়নে গৃহীত অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মোহাম্মদ আক্তারুজ্জামান, আলহাজ জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ টি এম আজহারুল ইসলাম এবং মো:. রফিকুল ইসলাম খান অংশ নেন।