ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত


ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। 
অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের কমিশনার মু: ওমর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভারের সম্পাদক ড. মোহা: আককাচ আলী আকাশ এবং জেলা রোভার স্কাউট লিডার (ডিআরএসএল) ফরহাদ হোসেন। এ ছাড়া শান্ত-মারিয়াম ক্রিয়েটিভ অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক নাসরিন জাহান, ঢাকা জেলা রোভারের জেলা রোভার স্কাউট লিডার প্রতিনিধি মোহা: খুরশেদ আলম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দীক্ষা হলো স্কাউট আন্দোলনে প্রবেশের আনুষ্ঠানিক দ্বার। নির্ধারিত বিষয়গুলো শেখা এবং প্রয়োজনীয় প্রস্তুতি ও শর্ত পূরণের পর নির্দিষ্ট সময় শেষে একজন রোভার স্কাউট দীক্ষা গ্রহণের যোগ্যতা অর্জন করেন। দীক্ষার মাধ্যমে একজন রোভার স্কাউট, স্কাউট প্রতিজ্ঞা ও আইনের আদর্শ ধারণ করে স্কাউটিংয়ের নীতি, মূল্যবোধ ও সেবার চেতনায় নিজেকে পরিচালিত করার অঙ্গীকার করেন। তাই দীক্ষা ক্যাম্প নতুন রোভারদের স্কাউট আন্দোলনের আদর্শ ও চেতনার সাথে পরিচিত করার পাশাপাশি দায়িত্বশীল ও সেবাপরায়ণ নাগরিক হিসেবে গড়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞপ্তি।

Advertisement