
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ১৯৩ জন। চলতি বছর ডেঙ্গুতে দেশে মোট মৃত্যু হয়েছে ৩০৩ জনের। অপরদিকে চলতি মাসে (গতকাল সকাল পর্যন্ত) ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৮ জনের এবং এই ক’দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৬৫৫ জন। দৈনিক গড়ে প্রায় এক হাজার ৮৭১ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালেই ভর্তি হয়েছে। এর বাইরে আরো অনেক রোগী রয়েছে যারা স্বাস্থ্য অধিদফতরের নির্দিষ্ট হাসপাতালে ভর্তি হয় না, ফলে তাদের তথ্য সরকারি তালিকায় জমা হয় না।
২৪ ঘণ্টায় খুলনা বিভাগের হাসপাতালে দুইজন, চট্টগ্রাম বিভাগে একজন এবং একজন মারা গেছে রাজশাহী বিভাগের হাসপাতালে। তাদের দুইজন পুরুষ এবং দুইজন নারী। চলতি বছর গত জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৯৯ হাজার ২৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসার উদ্দেশ্যে। এর মধ্যে ৯২ হাজার ৮০৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
গতকাল সকাল ৮টা পর্যন্ত ঢাকার বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে খুলনা বিভাগে ৩০৪ জন। ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে এক হাজার ৩০ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভেতরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৫০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছে ২৫০ এবং দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে ৫০০ জন। ঢাকার বাইরে বরিশাল বিভাগে ২৩৬ জন ভর্তি হয়েছিল, চট্টগ্রাম বিভাগে ২৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন। রংপুর বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৮৪ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন। সিলেট বিভাগের হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ১৬ জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে যে ৩০৩ জনের মৃত্যু হয়েছে সেখানে কেবল ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১৩৩ জনের। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ৮০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ৩৬ জন এবং ঢাকা সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে খুলনা বিভাগে মারা গেছে ৬৩ জন, বরিশাল বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ২৭ জন, রাজশাহীতে ২২ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








