ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প : নয়া দিগন্ত।

 ভোলা প্রতিনিধি 

Advertisement

ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। পাঁচ ধাপে জেলার সদর উপজেলার ১৩টি ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২২ হাজার মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন। অর্থের অভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে না পারা দরিদ্র ও অসহায় মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাক্তিরা। 
শনিবার ফ্রি মেডিক্যাল ক্যাম্পের পঞ্চম ধাপে সকাল ১০টা থেকে ভোলা পৌর এলাকায় শান্ত নীড় ও ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে চিকিৎসাসেবা দেয়া হয় । এতে বিভিন্ন বয়সী শিশু, নারী ও পুরুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা নেন। 
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, এখানে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পাওয়া যাচ্ছে। অর্থ ব্যয় না করে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে তারা সন্তোষ প্রকাশ  করেন। রোগী ও তাদের স্বজনেরা এমন উদ্যোগ নেয়ার তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে ধন্যবাদ জানান। তাদের মতে, দরিদ্র মানুষের জন্য এ ধরনের উদ্যোগ চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।