নিষিদ্ধ রোনালদোর ৯৮০ গোল

 ক্রীড়া ডেস্ক
পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সাথে মতবিরোধের জেরে গত মাসে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে খেলানোর বিষয়ে পূর্বসম্মতি থাকলেও কোচ তা রক্ষা করেননি, এমনটাই দাবি করেন সিআর সেভেন। তবে জেসুস এ ধরনের সমঝোতার কথা অস্বীকার করেছেন। ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় রোনালদোকে নিষিদ্ধ করেছে পর্তুগাল ফুটবল কর্তৃপক্ষ। তবে এই শাস্তির মেয়াদ উল্লেখ করেনি পর্তুগাল ফুটবলের কর্তাব্যক্তিরা। সাধারণত এই অপরাধের জন্য এক থেকে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞায় পড়তে পারেন রোনালদো। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শৃঙ্খলা কমিটি। এক দিকে জাতীয় দল থেকে নিষিদ্ধ হওয়ার মধ্যেও গোল করে যাচ্ছেন রোনালদো। পরশু নিজ ক্লাব আল নাসরের হয়ে গোল করেন তিনি। এটি তার ক্যারিয়ারে ৯৮০তম গোল। হাজার গোলের মাইলফলক থেকে দূরে আছেন আর ২০ গোলের। 
পর্তুগাল জাতীয় দলকে ঘিরে শৃঙ্খলাজনিত বিতর্কের মধ্যেই ক্লাব ফুটবলে মাঠে ফিরে গোলের দেখা পেলেন রোনালদো। সৌদি প্রো লিগে গত পরশু আল নাসরের হয়ে আল-দিরিয়াহর বিপক্ষে গোল করে ক্যারিয়ারের ৯৮০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ সুপারস্টার। রিয়াদের আল আউয়াল পার্কে ম্যাচের ২৩ মিনিটে গোল করেন রোনালদো। কিংসলে কোম্যানের শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বল পেয়ে জালে পাঠান তিনি। এই গোলের মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৮০-এ। ঐতিহাসিক এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন প্রয়োজন আর মাত্র ২০টি গোল। তার গোলের দিনে ৩-০ ব্যবধানের স্বস্তির জয় পেয়েছে আল নাসর। দলের হয়ে ৩৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সামু কস্তা। ৭৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন কোম্যান। 
এই জয়ে ৮ ম্যাচ আল কাদসিয়াহর সমান ১৯ পয়েন্ট হলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। লিগে শিরোপা ধরে রাখার লড়াইয়ে এই পয়েন্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল হিলাল। 
আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় পরে রোনালদো সতীর্থ ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং নিজের কাজের জন্য শাস্তি মেনে নেয়ার কথাও জানান। এবার পর্তুগাল ফুটবল ফেডারেশনের সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফুটবল ফেডারেশনের বিধি অনুযায়ী, জাতীয় দলের দায়িত্ব অযৌক্তিকভাবে ছেড়ে যাওয়ার ঘটনায় এক থেকে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা হতে পারে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে; চূড়ান্ত শাস্তির মেয়াদ নির্ধারণের বিষয়টি এখন অপেক্ষা করছে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের ওপর।

Advertisement