সিলেট সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

 সিলেট ব্যুরো 
সিলেটের কানাইঘাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার বিকেল ৪টার দিকে সীমান্তবর্তী ১৩২৮ নম্বর পিলারসংলগ্ন উপজেলার সোনারখেওড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহিন কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ অথবা সশস্ত্র খাশিয়ারা তাকে গুলি করে হত্যা করেছে।
জানা যায়, শুক্রবার রাতে শাহিন আহমদ বাড়ি থেকে বের হলেও ওইদিন রাতে আর বাড়ি ফেরেননি। গতকাল সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন তার গুলিবিদ্ধ লাশ বাংলাদেশের অভ্যন্তরে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের কৃষি জমিতে পড়ে থাকতে দেখে তার পরিবারকে সংবাদ দেন। পরে নিহতের বড় ভাই জসিম উদ্দিন ঘটনাটি কানাইঘাট থানা পুলিশকে জানালে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
স্থানীয় কয়েকজন জানান, মাঝে মধ্যে শাহিন আহমদ সীমান্ত এলাকায় শ্রমিকের কাজ করতে যেতেন। তাদের ধারণা, শুক্রবার রাতের কোন এক সময় তিনি সীমান্ত এলাকায় গিয়ে থাকতে পারেন।
এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, সংবাদ পেয়ে সোনারখেওড় এলাকা থেকে শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পিঠে গুলির চিহ্ন রয়েছে। হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 
নিহতের ভাই জসিম উদ্দিন জানান, শাহিন দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী ও দু’টি কন্যাসন্তান রয়েছে।

Advertisement