বিএনপি জাতির সাথে গাদ্দারি করতে ৬ মিনিট সময়ও নেয়নি
হবিগঞ্জে নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক : নয়া দিগন্ত।

 হবিগঞ্জ প্রতিনিধি 

Advertisement

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এক মায়ের ঘরে জন্ম নেয়া যমজ সন্তানের একটি বৈধ ও অন্যটি অবৈধ হয় কিভাবে? গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে একই সাথে হয়েছে। এখন বিএনপি বলছে- জাতীয় সংসদ নির্বাচন বৈধ, গণভোটের নির্বাচন অবৈধ। নির্বাচনের পর তড়িঘড়ি করে তারা শপথ নিয়েছে, সরকার গঠন করেছে, আমরা তো বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামতে ছয় মাস সময় নিয়েছি, বিএনপি সরকার গঠন করে জাতির সাথে গাদ্দারি করতে ৬ মিনিট সময়ও নেয়নি। সরকার গঠনের পরই তারা বলেছে- গণভোটের নির্বাচন অবৈধ, সেই থেকে জাতির সাথে তাদের গাদ্দারি শুরু এবং তা অব্যাহতভাবে চলছে। বিএনপি তেল-গ্যাস বিদেশীদের হাতে তুলে দিচ্ছে, বৈষম্য মাথাছাড়া দিয়ে চলছে, জুলাই আন্দোলনে ৩০ হাজারের বেশি মানুষ গুরুতর আহত হয়েছে, কয়েক হাজার মানুষ তাদের জীবন দিয়েছে। এখন আহত ও নিহতদের বিচার চাইতে আমাদেরকে সরকারের কাছে ধরনা দিতে হচ্ছে; অথচ ওসমান হাদিরা রক্ত না দিলে ব্রিটেন থেকে বিমানের টিকিট কাটার সৌভাগ্যও হতো না। হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল হবিগঞ্জ নিউ ফিল্ডে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা মো: আবদুল্লাহর সভাপতিত্বে নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস নেতা ময়মনসিংহ-২ আসনের এমপি মুফতি মোহাম্মদ উল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাঈদ, কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি হাবিবুর রমান। নাগরিক সমাবেশ পরিচালনা করেন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ সাদিক। 
প্রধান অতিথি মাওলানা মামুনুল হক বলেন, আমরা সংবিধান সংশোধন করে গণভোটের রায়কে বাস্তবায়নের কথা বলছি, কারণ তাতে ক্ষমতার ভারসাম্য হবে, আমরা পুতুল রাষ্ট্রপতি দেখতে চাই না, স্বাধীন বিচার বিভাগ চাই, রাষ্ট্রের চাকরিতে সবার মেধার ভিত্তিতে সমান সুযোগ চাই, চামচামি করে পদোন্নতি, চাকরি পাওয়া, চাকরিতে টিকে থাকার সুযোগ বন্ধ করতে হবে। বিএনপি যেভাবে ক্ষমতা আঁকড়ে ধরছে তাতে প্রতি পাঁচ বছরে একজন করে শেখ হাসিনা তৈরি হবে। বিএনপি চাইলেও আমরা তারেক রহমানকে শেখ হাসিনা হতে দেবো না। তারেক রহমান শেখ হাসিনা হয়ে ওঠার আগেই আমরা তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেবো।