আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্প খাতকে আরো গতিশীল করতে হবে : রুহুল কবির রিজভী
জাতীয় প্রেস ক্লাবে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের স্মরণ সভায় অতিথিরা : নয়া দিগন্ত।

বাসস

Advertisement

কর্মসংস্থানমুখী শিল্প খাতকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো ধরনের অশুভ উদ্দেশ্য বা ষড়যন্ত্রের কারণে শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম যেন কোনোভাবেই থমকে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
শনিবার গাজীপুর মহানগরীর টঙ্গী শিল্প এলাকায় বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের সদ্য সমাপ্ত প্রকল্পের নতুন কারখানার বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।
রুহুল কবির রিজভী তার বক্তব্যে কারখানাটির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৮৫ সাল থেকে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। কোনো অশুভ চক্র যাতে এই প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া ব্যাহত করতে না পারে, সেদিকে কঠোর নজরদারির তাগিদ দেন তিনি। তিনি আরো উল্লেখ করেন, কোনো কারণে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান স্থবির হয়ে পড়লে শেষ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ওপরই ভরসা করতে হয়। তাই চিরাচরিত ও গতানুগতিক ধারার বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যপদ্ধতি গ্রহণের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম এবং বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।