ক্ষতিকর কীটনাশক নিয়ন্ত্রণে কাজ করছে সরকার-প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেনমোহাম্মদ আমিন উর রশিদ : নয়া দিগন্ত।


কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে। পাশাপাশি হাসপাতালের শয্যা সংখ্যা এক হাজারে উন্নীত করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। গতকাল শনিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন অডিটোরিয়ামে ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান (কুম-২৯) ও ডাক্তার পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে তিনি অনুষ্ঠানে যোগ দেন।
মন্ত্রী বলেন, পরিবেশ দূষণ ও খাদ্যের গুণগত মান মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ক্ষতিকর কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। চিকিৎসকদের ওষুধ দেয়ার পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে মানুষকে সচেতন করার আহ্বান জানান তিনি।
কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: মাছুম হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো: ইউসুফ মোল্লা টিপু। এ সময় কলেজের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement