বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসির সুবর্ণজয়ন্তী উদযাপিত


৫০ বছর পূর্তি উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক। গতকাল রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে ব্যাংকের পর্ষদ সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের উপস্থিতিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো: মেহমুদ হোসেন। তিনি বলেন, সুশাসন, দক্ষ ব্যবস্থাপনা ও আধুনিক সেবার মাধ্যমে ৫০ বছরের অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যাওয়াই এখন মূল চ্যালেঞ্জ। ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রম সঠিক পথেই রয়েছে। স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, গ্রাহকদের অবিচল বিশ্বাস ও ভালোবাসাই ব্যাংকের পাঁচ দশকের পথচলার বড় অর্জন। ভবিষ্যতে আইএফআইসি ব্যাংক নির্ভরতার ঠিকানা হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো: এবতাদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান কাজী মো: মাহবুব কাশেম এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা। সভা শেষে কেক কাটা ও গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়। গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) দেশব্যাপী ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে র‌্যালি, মতবিনিময় সভা ও কেক কাটার মাধ্যমে সুবর্ণজয়ন্তী পালন করা হয়।
১৯৭৬ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করা আইএফআইসি ব্যাংকে বর্তমানে বাংলাদেশ সরকারের ৩২.৭৫ শতাংশ মালিকানা রয়েছে। ব্যাংকটি সারা দেশে ১,৪০০টির বেশি শাখা ও উপশাখার মাধ্যমে ২৫ লাখের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। বর্তমানে ব্যাংকের আমানতের পরিমাণ ৫৫ হাজার কোটি টাকার বেশি। বিজ্ঞপ্তি।

Advertisement