ফুলহামের বর্ষসেরা বাংলাদেশী ফারহান

 ক্রীড়া প্রতিবেদক
আসিয়ান কাপে দুই ম্যাচে খেলেই এক গোল। এই গোলটি আবার শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে। ইংল্যান্ডে বড় হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ এবার পেলেন বড় একটি পুরস্কার। ইংলিশ ক্লাব ফুলহাম অ্যাকাডেমির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার। স্বীকৃতি হিসেবে পেয়েছেন মর্যাদাপূর্ণ জনি হেইনস ট্রফি। অ্যাকাডেমিতে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফারহানকে এই পুরস্কার দেয়া হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির ওয়েবসাইটে এই তথ্য দেয়া হয়েছে। এই সপ্তাহের শুরুতে মোটসপুর পার্কে ফুলহামের অনুশীলন গ্রাউন্ড গিয়ে ফুলহাম সাপোটার্স ট্রাস্টের কাছ থেকে পুরস্কারটি নেন তিনি।
এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত ১৯ বছর বয়সী ফুটবলার কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। একই সাথে বাংলাদেশের জার্সিতে প্রথমবার মাঠে নামা ও গোল করার অভিজ্ঞতাকেও নিজের ক্যারিয়ারের গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।
ফুলহামের ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে ফারহান বলেছেন, ‘এই পুরস্কারের জন্য সতীর্থদের ভোটে নির্বাচিত হওয়াটা অসাধারণ। এটা খুবই তৃপ্তির অনুভূতি। গত মৌসুমে ভালো ও কঠিন দুই ধরনের মুহূর্তই ছিল। তবে দল হিসেবে সতীর্থদের ছাড়া আমি এটা করতে পারতাম না। তারাই মানদণ্ড ঠিক করে, আমাকে আরো ভালো করতে তাগিদ দেয় এবং প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রাখে। এসবই আমাকে আরো ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে।’
এ দিকে ফারহান ফুলহাম থেকে গত আগস্টে ধারে যোগ দেন ইংলিশ ফুটবলে পঞ্চম স্তরে খেলা ক্লাব বোরহাম উডে। সেখানে খেলার অভিজ্ঞতা উপভোগ করছেন তিনি। 
বাংলাদেশের হয়ে প্রথমবার খেলতে নেমেও দারুণ অভিজ্ঞতা হয়েছে ফারহানের। জাতীয় দলের জার্সিতে মাঠে নামাকে নিজের ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করাটাও তার কাছে বিশেষ স্মৃতি হয়ে আছে, ‘দেশের হয়ে খেলতে পারাটা আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা ছিল। এটা আমার ও আমার পরিবারের জন্য গর্বের মুহূর্ত। গোল করে অবদান রাখতে পেরে আমি আনন্দিত।’

Advertisement