তিন ম্যাচে ৫ গোলে সাব্বিরের বার্তা

ক্রীড়া প্রতিবেদক

Advertisement
  •  বসুন্ধরা কিংস ৭-০ ওয়ান্ডারার্স
  •  সিটি ক্লাব ২-১ চট্টগ্রাম সিটি এফসি
  •  ব্রাদার্স ০-৬ ফর্টিস
  •  পিডব্লিউডি ১-১ রহমতগঞ্জ
     
    বাংলাদেশ ফুটবল লিগে আগের রাউন্ডে হ্যাটট্রিক করেছিলেন সিটি ক্লাবের নাইজেরিয়ান অনিকাচি ওকাফোর। এবার হ্যাটট্রিক করলেন দেশী উঠতি ফুটবলার সাব্বির হোসেন। এই উঠতি খেলোয়াড়ের হ্যাটট্রিকে গতকাল নিজ মাঠে বসুন্ধরা কিংস ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে।
    তরুণ এই ফুটবলার বেশি দায়িত্ববান। খেলার প্রতিও যথেষ্ট আগ্রহ। এই দায়িত্ববোধই সাব্বিরকে পাইয়ে দিয়েছে বসুন্ধরা কিংসের প্রথম একাদশে সুযোগ- সেটিই কাজে লাগাচ্ছেন তিনি। ১০ জনের ওয়ান্ডারার্সের বিপক্ষে গতকাল ৫, ৪৯ ও ৯১ মিনিটে তার তিন গোল। যদিও বসুন্ধরা কিংস  ম্যাচের প্রথম মিনিটেই নেপালি মানিষ দাঙ্গীর গোলে এগিয়ে যায়। ৮০ মিনিটে আবদুল্লাহ গোল করেন। আর তারকা ফরোয়ার্ড রাকির হোসেন ৭০ ও ৮৯ মিনিটে আরো দুইবার বল জালে পাঠান। ফলে প্রথম ম্যাচে আরামবাগের সাথে হতাশাজনক ড্রয়ের ধাক্কা সামলিয়ে জয়ে ফিরল লিগ চ্যাম্পিয়নরা। ৪৫ মিনিটে লালকার্ড পান ওয়ান্ডারার্সের জসিম উদ্দিন।
    সিরাজগঞ্জের শাহজাদপুরের ছেলে সাব্বির। ২০২১-২২  সিজনে ছিলেন বিপিএলের দল স্বাধীনতা ক্রীড়া সংঘে। সেখানে একটি গোলে করেছেন। এরপর বসুন্ধরা কিংসে যোগ দেয়া। চার বছর ধরেই এই ক্লাবে। আগের দুই সিজনে মিডফিল্ডে খেলেছেন। গত সিজনে ১৪ ম্যাচ খেলে করেন এক গোল।  এর আগের সিজনে ১৩ ম্যাচে মাঠে নামেন। এবার বসুন্ধরা কিংসের কোচরা তাকে স্ট্রাইকার পজিশনে খেলাচ্ছেন। ফেডারেশন কাপে বদলি হিসেবে নেমে এই ওয়ান্ডারার্সের বিপক্ষে জোড়া গোল ছিল তার। সিজনে তিন ম্যাচে পাঁচ গোল করা সাব্বির জানান, আমার স্বপ্ন জাতীয় দলে খেলা। এর আগে আমি অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের হয়ে ভিয়েতনামের মাঠে তিন ম্যাচেই খেলেছি।
    গোপালগঞ্জের মাঠে বড় জয় পেয়েছে ফর্টিস এফসি। তারা ৬-০তে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ম্যাচের সবগুলো গোলই হয়েছে বিরতির পর। গাম্বিয়ান পা ওমর ৭৫ ও ৮১ মিনিটে করেন দুই গোল। নাইজেরিয়ান স্টিফেন চুকুদে ৮৩ মিনিটে বল জালে পাঠান। এ ছাড়া ইব্রাহিম ৫৬ মিনিটে, রাফায়েল টুডু ৯৩ মিনিটে এবং ইনসান হোসেন ৬৭ মিনিটে গোল করেন। ফর্টিস প্রথম ম্যাচে চট্টগ্রাম সিটি এফসিকে ৬-০তে হারিয়েছিল।
    গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসিকে ২-১ গোলে হারিয়েছে সিটি ক্লাব। ৪ মিনিটে এনামুল গাজী সিটি ক্লাবকে এগিয়ে নেয়ার পর প্রথমার্ধের  ইনজুরি টাইমে স্কোর দ্বিগুণ করেন রফিকুল ইসলাম। ৮০ মিনিটে কান্তা হারা একটি গোল শোধ দিয়ে টেনশনে ফেলে দেয় সিটি ক্লাবকে। অবশ্য বাকি সময়ে আর কিছুই করতে পারেনি চট্টগ্রামের ক্লাবটি। মানিকগঞ্জে ১-১ গোলে ড্র করেছে পিডব্লিউডি ও রহমতগঞ্জ।