সালথায় চীনা যুবকের সাথে কলেজছাত্রীর বিয়ে, এলাকায় চাঞ্চল্য
সালথায় চীনা যুবকের সাথে কলেজছাত্রীর বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। নয়া দিগন্ত

ফরিদপুরের সালথায় চীনের এক নাগরিকের সাথে এক কলেজছাত্রীর বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদেশি জামাইকে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমালে ওই নবদম্পতি এলাকা ছেড়ে অন্যত্র চলে যান।

Advertisement

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে অতিরিক্ত লোক সমাগম ও চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় তারা সালথার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। গত ২৬ অক্টোবর রাতে নবদম্পতি তাহমিনার গ্রামের বাড়ি সালথায় বেড়াতে যান। চীনা যুবক এলাকায় আসার খবর চারদিকে ছড়িয়ে পড়লে তাকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। 

পরিবারের প্রাথমিক আপত্তি থাকলেও তাহমিনার অনড় অবস্থানের একপর্যায়ে স্বজনেরা বিয়েতে সম্মতি দেন। গত ১৯ অক্টোবর ঢাকায় পরিবারের উপস্থিতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়। এর আগে কোর্ট এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে ওয়াং চাও নিজের নাম পরিবর্তন করে ‘আরিফ ইসলাম’ রাখেন।

জানা গেছে, ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের বাসিন্দা ও ফরিদপুর শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের হিসাববিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তারের (২০) সাথে প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চীনের উত্তর প্রদেশের নাগরিক ওয়াং চাওয়ের (২৫) পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তাহমিনার পরিবার জানিয়েছে, ওয়াং চাও সম্পর্কে তাদের কাছে বিস্তারিত তথ্য নেই। বর্তমানে তাহমিনার প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ চলছে এবং সব প্রক্রিয়া সম্পন্ন হলে দুজনেই চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে আটঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন জানান, বিষয়টি লোকমুখে শুনেছেন এবং খোঁজখবর নিচ্ছেন।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দাবি উদ্দিন জানান, ঘটনাটি জানার পর ওই বাড়িতে প্রশাসনের পক্ষ থেকে লোক পাঠানো হলেও তাদের বাড়িতে পাওয়া যায়নি। তারা আগেই সালথা ছেড়ে অন্যত্র চলে গেছেন। এছাড়া ওই যুবক আসলেই চীনের নাগরিক কি না, সে বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হচ্ছে।