
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং রফতানি পরিস্থিতির তুলনামূলক চিত্র নিয়ে আলোচনা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। দুই দেশের মধ্যে রফতানি বাণিজ্যের বিদ্যমান ব্যবধান কমানো, বাংলাদেশের রফতানি সম্ভাবনা কাজে লাগানো এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। একই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলবন্দরকেন্দ্রিক বাণিজ্য সম্পর্কিত বিদ্যমান চুক্তিগুলোর বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মো: রাজিব আহসানসহ কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের তুলনামূলক চিত্র পর্যালোচনার সময় দুই দেশের রপ্তানি বাণিজ্যের ব্যবধান, বাংলাদেশের সম্ভাবনা এবং এ খাত সম্প্রসারণের বিভিন্ন দিক উঠে আসে। বিশেষ করে ভারতের সঙ্গে স্থলবন্দর দিয়ে পরিচালিত বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান চুক্তিগুলোর বিস্তারিত পর্যালোচনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে পরবর্তী বৈঠকে সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা। এসব কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।
কমিটির পক্ষ থেকে বলা হয়, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানই কাজ করুক না কেন, প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। উন্নয়ন ও পরিচালন কার্যক্রমে এসব বিষয় যথাযথভাবে অনুসরণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, মোঃ হাফিজ ইব্রাহিম, আনিছুর রহমান, সাঈদ আহমেদ, সানজিদা ইয়াসমিন, মো: নাজমুল হুদা এবং আবদুল হান্নান মাসউদ অংশগ্রহণ করেন।
এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের মহাপরিচালক ও প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








