ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফেনীতে মার্চ ফর ইনসাফ
ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফেনীতে মার্চ ফর ইনসাফ আয়োজন করে ইনকিলাব মঞ্চ। নয়া দিগন্ত

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার, গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের ম্যান্ডেটের আলোকে জুলাই চার্টার বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে ফেনীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

Advertisement

রোববার (১ নভেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।

এর আগে বিকেল সাড়ে ৪টায় শহরের মহিপাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ওরোকা বিন বাশার, সার্চ কমিটির আহ্বায়ক গোলাম আজম সাব্বির, সদস্য সচিব মাছুদুর রহমান আদনান ও সদস্য সাফিন শাহরাজ উপস্থিত ছিলেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ ওসমান হাদি সবসময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলতেন। তিনি আমাদের দেখিয়ে গেছেন, কাগজে-কলমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলেও এর বিভিন্ন ব্যবস্থা এখনো দিল্লির প্রেসক্রিপশনে চলে। সুতরাং দিল্লির এই আধিপত্যবাদ থেকে এই জমিনকে মুক্ত করা না গেলে বারবার আমাদের ভাইদের রক্ত ঝরবে, গুম ও খুনের শিকার হতে হবে, কিন্তু দেশের পরিস্থিতির কোনো পরিবর্তন আসবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থাগুলোকে পরিকল্পিতভাবে অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত করে ফেলা হয়েছে। এ জুলাইয়ের গণঅভুত্থান না হলে অনেকে আজ ক্ষমতায় থাকতে পারতেন না বা এমপি হওয়ার সুযোগও পেতেন না; অথচ আজ তারাই জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করছেন।’