গাজায় তাঁবু ও আবাসিক ভবনে ইসরাইলি হামলা নিহত ৮

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। এসব হামলার ঘটনায় আহত হয়েছেন ১৫ জনেরও বেশি মানুষ। চিকিৎসক সূত্রে জানা গেছে, গাজা সিটির উত্তর-পশ্চিমে আল-তাওয়াম এলাকার মিসরীয় ক্যাম্পে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া একটি তাঁবুতে হামলা চালায় ইসরাইল। ওই হামলায় আহত মোহাম্মদ রাজাব ওয়ারশ আগা পরে মারা যান। আনাদোলু ও আলজাজিরা
এ দিকে গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে,  এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। এর আগে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির উত্তরাঞ্চলীয় মাঠ হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছিলেন, হামলায় দু’জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শহরটির দক্ষিণাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে আরো দু’জন নিহত হন। আহত হন তিনজন, যাদের একজনের অবস্থা গুরুতর। আহতদের আল-শিফা হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন এক চিকিৎসক। গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলের আমের প্রজেক্ট এলাকায় একটি তাঁবুতে ইসরাইলি গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন আহলাম মুবারক (৩০) নামের এক ফিলিস্তিনি নারী। আল-শিফা হাসপাতালের এক চিকিৎসক তার মৃত্যুর তথ্য জানিয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও দুই সন্তান আহত হয়েছেন। স্বামীর অবস্থা গুরুতর।
এ ছাড়া প্রায় এক সপ্তাহ আগে গাজা সিটিতে একটি গাড়িতে ইসরাইলি বিমান হামলায় আহত আহমেদ খামিস আবু নাজা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দক্ষিণ গাজার রাফাহর উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি বাড়িতে ইসরাইলি গোলাবর্ষণে আহত হয়েছেন সাতজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৭৫ হাজার। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি হামলায় এক হাজার ৪৭১ ফিলিস্তিনি নিহত এবং পাঁচ হাজার ১৮৯ জন আহত হয়েছেন। 
প্রতি ৯০ মিনিটে একজন নিহত
গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরাইলি হামলায় গড়ে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। ব্রিটেনভিত্তিক মানবিক সহায়তা সংস্থা ইসলামিক রিলিফ বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির হিসাবে, গত এক বছরে অন্তত এক হাজার ৪৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে অন্তত ৩২০ জন শিশু। অর্থাৎ, প্রতিদিন গড়ে প্রায় একজন শিশু প্রাণ হারিয়েছে।