গোমস্তাপুরে ইউএনওর গাড়িতে হামলাকারীদের গ্রেফতার দাবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয় আম ব্যবসায়ী সংগঠনগুলো। গতকাল শুক্রবার দুপুরে রহনপুর রেলস্টেশন আমবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।
কেডিসি পাড়া বস্তি এলাকা থেকে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং অবৈধ বস্তি উচ্ছেদের দাবিতে চারটি ব্যবসায়ী সংগঠন যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আম ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মঙ্গলবার রাতে রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে স্থানীয় চিহ্নিত মাদক কারবারিরা অতর্কিত হামলা চালায়। এতে অন্তত পাঁচজন আম ব্যবসায়ী গুরুতর আহত হন। হামলাকারীরা ইউএনওর গাড়িতেও ভাঙচুর চালায়। ব্যবসায়ী নেতারা বলেন, দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর কর্মসূচি নেওয়া হবে। একই সঙ্গে অপরাধের আখড়া হিসেবে পরিচিত কেডিসি পাড়া বস্তি উচ্ছেদের জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি ও জামায়াতের স্থানীয় রাজনৈতিক নেতা এবং রহনপুর আম আড়তদার সমবায় সমিতি ও আমচাষী সমিতির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement