মালদ্বীপে এক দিনের ব্যবধানে দুই বাংলাদেশীর মৃত্যু

মালদ্বীপ প্রতিনিধি

Advertisement

মালদ্বীপে এক দিনের ব্যবধানে ঘুমের মধ্যে স্ট্রোক করে দুই প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহতদের একজন ৪২ বছর বয়সী আব্দুল গাফফার এবং অপরজন ৩০ বছর বয়সী সোশান্ত চন্দ্র কোচ। গত বৃহস্পতিবার তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।
নিহত আব্দুল গাফফারের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার কেত্রাহাট এলাকায়। তার বাবার নাম মো: আবু বক্কর মণ্ডল।
আব্দুল গাফফারের কাছে আত্মীয় মো: আল আমিন মুঠো ফোনে জানান, গত ৬ অক্টোবর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে সুস্থ-সবল অবস্থায় মালদ্বীপে পাড়ি দেন আব্দুল গাফফার। দেশটিতে পৌঁছে রাতে সবার সাথে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তিনি। আনুমানিক রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে বুকেব্যথা অনুভব করেন আবদুল গাফফার। পরে আবারও ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন (৭ অক্টোবর) সকাল ৬টার দিকে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মালিককে বিষয়টি জানানো হয়। মালিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, অনেক আগে স্ট্রোকেই তার মৃত্যু হয়েছে।
আল আমিন আরো জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় ধারদেনা করে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন আব্দুল গাফফার। কিন্তু দেশটিতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই তার সেই স্বপ্ন থেমে যায়। এখন লাশ হয়ে দেশে ফেরার অপেক্ষায় তিনি।
পরিবারের পক্ষ থেকে নিহত আব্দুল গাফফারের লাশ দ্রুত দেশে ফিরিয়ে নিতে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন ও সরকারের সহযোগিতাও কামনা করেন।
এ দিকে একইভাবে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন ৩০ বছর বয়সী সোশান্ত চন্দ্র কোচ। তার বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া গ্রামে। তার বাবার নাম সতীশ চন্দ্র কোচ।
সহকর্মী এনামুল জানান, পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় প্রায় এক বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন সোশান্ত। তিনি দেশটির কুলহুডুফুশি আইল্যান্ডে একটি নির্মাণ প্রতিষ্ঠানে বৈধভাবে কর্মরত ছিলেন।
তিনি জানান, প্রতিদিনের মতো গত ৭ অক্টোবর রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন সোশান্ত। রাতের কোনো একসময় ঘুমের মধ্যে তার চিৎকার শুনে সহকর্মীরা ছুটে আসেন। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, স্ট্রোকেই তার মৃত্যু হয়েছে।
দুই প্রবাসীর মৃত্যুর বিষয়ে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আব্দুল গাফফার ও সোশান্ত চন্দ্র কোচের মৃত্যুর বিষয়টি তারা অবগত রয়েছে। তাদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমদের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন হাইকমিশন।