গাংনী সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে একই পরিবারের চার সদস্যকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার ভোর আনুমানিক ৩টার দিকে গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তের ১৪৪/৪-এস নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। পুশইনের শিকার চারজনের মধ্যে দু’জন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিএসএফের এ প্রচেষ্টা শনাক্ত করা হয়। পরে শেওড়াতলা বিওপির বিজিবি সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় পুশইনের চেষ্টা প্রতিহত করেন।
এ ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। একই সাথে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল আনুমানিক ৬টার দিকে ১০৪ নম্বর গেট দিয়ে বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বিশেষ সূত্রে জানা গেছে, তারা বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে অবস্থান করছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ পুশইন প্রচেষ্টা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement